ভারতে বাঘের জন্য সংরক্ষিত এলাকায় পর্যটন নিষিদ্ধ
ভারতে বাঘের জন্য সংরক্ষিত ৪০টির বেশি এলাকার ‘কোর জোনে’ পর্যটন কার্যক্রম নিষিদ্ধ করেছেন সে দেশের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, এ নির্দেশ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হবে।গত মঙ্গলবার এই রুলিং দেন সুপ্রিম কোর্ট। বাঘ সংরক্ষণের জন্য দেওয়া আদালতের আগের কিছু নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ছয়টি রাজ্যের প্রতিটিকে ১০ হাজার রুপি করে জরিমানাও করেন সুপ্রিম কোর্ট।ভারতে সাম্প্রতিক সময়ে বাঘের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে। গত বছর এক গণনায় দেখা গেছে, দেশটিতে বনে থাকা বাঘের সংখ্যা মাত্র এক হাজার ৭০০। ১০০ বছর আগেও এ সংখ্যা ছিল এক লাখ।সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক পর্যটন বন্ধের দাবিতে পরিবেশবাদী অজয় দুবের জনস্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওই রুলিং জারি করেন। পরিবেশবাদী সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে। বিবিসি।