ভারতে বাস খাদে, ২৭ জন নিহত
পশ্চিম ভারতের এক পাহাড়ি অঞ্চলে গতকাল বৃহস্পতিবার এক বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ঢালু সড়ক থেকে পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার স্থানটি মহারাষ্ট্র প্রদেশের থানে জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পিকনিক স্পটের কাছে। এটি ভারতের প্রধান বাণিজ্য ও বিনোদন নগর মুম্বাই থেকে মাত্র ১০০ মাইল দূরে।
স্থানীয় পুলিশসদস্য সংগ্রাম সিং নিশান্দর বলেন, রাস্তার এক বাঁকে একটি টেম্পো বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তা ছেড়ে ২৫০ ফুট নিচের খাদে পড়ে যায়।
ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য মতে, ২০১২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। এ হিসেবে প্রতি ঘণ্টায় নিহত হয় ১৬ জন। সড়ক দুর্ঘটনায় এই উচ্চহারে মৃত্যুর কারণগুলোর মধ্যে রয়েছে খারাপ সড়কব্যবস্থা, যানবাহনের অতি গতিবেগ ও নিম্নমানের গাড়ি চালনা। এএফপি।