ভারতে বাস দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে গতকাল বুধবার ভোরে কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে একটি দ্রুতগতির বাসে আগুন ধরে যায়। এতে ৪৫ জন আরোহীর মৃত্যু হয়। চালকসহ মাত্র সাতজন প্রাণে বেঁচে গেছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ভলভো বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে বেঙ্গালরু থেকে অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে মাহবুবনগর জেলার কথাকোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, চালক সারা রাত ধরে গাড়ি চালানোর একপর্যায়ে সম্ভবত ঘুমে ঢলে পড়েছিলেন। নিহত যাত্রীদের মধ্যে একটি শিশু রয়েছে। অনেকের শরীর এমনভাবেই পুড়েছে যে তাঁদের চেনার উপায় নেই। এ জন্য ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে দেহাবশেষ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক ও তাঁর সহকারীসহ অন্তত সাতজন জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ভেঙ্কনেশওয়ারলু বলেন, পালানোর চেষ্টা করলেও বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য তিনজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ভারতের মহাসড়কগুলো বেশ দুর্ঘটনাপ্রবণ, বিশেষ করে উত্তরের হিমালয় অঞ্চলে।
২০০৮ সালে উত্তর প্রদেশে একটি বাসে অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় এক লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। বিবিসি।