ভারতে বিচ্ছিন্নতাবাদী নয়টি গোষ্ঠীর ৬৭৬ সদস্যের অস্ত্র সমর্পণ
ভারতের আসাম রাজ্যে নয়টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ৬৭৬ জন সদস্য গতকাল মঙ্গলবার সরকারের কাছে অস্ত্র সমর্পণ করেছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই অস্ত্র সমর্পণ করা হয়। আসামের প্রধান শহর গুয়াহাটিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সদস্যদের অস্ত্র সমর্পণ উপলক্ষে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আদিবাসী কোবরা ফোর্সের (এসিএফ) চেয়ারম্যান জাভেরেজ খাকা উপস্থিত ছিলেন। এ সময় সবুজ পোশাক পরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা বেশ কিছু রাইফেল, মেশিনগান ও পিস্তল জমা দেন। অনুষ্ঠানে চিদাম্বরম অস্ত্র সমর্পণ করা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা অতীতের কথা ভুলে ভবিষ্যৎ সম্ভাবনার দিকে দৃষ্টি ফেরান। আমরা আশ্বাস দিচ্ছি, আপনাদের প্রত্যেকের প্রতি সমতাপূর্ণ আচরণ করা হবে এবং আপনারা প্রত্যেকে সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন।’এন কে দাস নামে একজন স্থানীয় কর্মকর্তা জানান, বিচ্ছিন্নতাবাদ বা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত নয়টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মোট ৬৭৬ জন সদস্য ওই অনুষ্ঠানে অস্ত্র সমর্পণ করেন। এসিএফের চেয়ারম্যান জাভেরেজ খাকা বার্তা সংস্থা এএফপিকে বলেন, শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে বঞ্চনার অবসান হতে পারে, এমন সম্ভাবনা দেখা দেওয়ায় যোদ্ধারা জীবনের মূল স্রোতে ফিরে আসতে চাইছেন। এএফপি।