ভারতে বিদ্যুতের মহাবিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় অন্তত ৩০ কোটি মানুষ গতকাল সোমবার বিপাকে পড়েছে। বিদ্যুৎ সরবরাহে এ রকম সংকট গত ১১ বছরে কখনো দেখা যায়নি বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে।ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার শিন্ধে বলেন, উত্তরাঞ্চলের সামগ্রিক গ্রিডের কার্যক্রম গত রোববার গভীর রাতে অচল হয়ে পড়ে। ফলে রাজধানী নয়াদিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থান রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ গতকাল সকাল আটটার মধ্যে স্বাভাবিক হয়েছে। অবশিষ্ট বিভিন্ন অঞ্চলেও পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। এই বিপর্যয় একটি দুর্ঘটনা ও ব্যর্থতা। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের কারণ অস্পষ্ট। তবে বিদ্যুতের মাত্রাতিরিক্ত ব্যবহার ওই বিপর্যয়ের একটি কারণ বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় রেল ও মেট্রো সার্ভিসসহ পরিবহন যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। রাজধানী নয়াদিল্লির মেট্রোরেল সার্ভিস গত রোববার রাতে সম্পূর্ণ বন্ধ ছিল। পরে ভুটান থেকে বিদ্যুৎ-সহায়তা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এ ছাড়া উত্তর ভারতের প্রায় সব এলাকায় ট্রেনযাত্রীরা কমবেশি বিড়ম্বনায় পড়ে। বড় কয়েকটি শহরে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় গতকাল সকালে তীব্র যানজট সৃষ্টি হয়। ভারতের বিদ্যুৎব্যবস্থা নিয়ন্ত্রণ করপোরেশন দেশটির উত্তরাঞ্চলীয় গ্রিড নিয়ন্ত্রণ করে। দেশটির মোট ১২০ কোটি মানুষের প্রায় ২৮ শতাংশ ওই অঞ্চলের বাসিন্দা। ভারতে মোট চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কম বলে দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে। ২০০১ সালে ভারতের উত্তরাঞ্চলীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ-সংযোগ প্রায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। বিবিসি, এএফপি, এনডিটিভি।