ভারতে বিনিয়োগ করতে পারবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার পাকিস্তানি বিনিয়োগ গ্রহণ করতে রাজি আছে বলে ঘোষণা দিয়েছে। ভারত বলেছে, পাকিস্তানের যেকোনো নাগরিক বা কোম্পানি ভারতে সরাসরি বিনিয়োগ করতে পারবে। নয়াদিল্লির এই ঘোষণা চিরবৈরী রাষ্ট্র দুটির অর্থনৈতিক সম্পর্ক জোরালো হওয়ার পথে বড় ধরনের ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। তবে গত বছর থেকে আবার তাদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে।ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার এক বিবৃতিতে বলেছে, ভারতে বিনিয়োগের জন্য পাকিস্তানি নাগরিক বা কোম্পানিকে অনুমতি দেওয়া হলো। তবে পাকিস্তানের পক্ষ থেকে সব ধরনের বিনিয়োগ প্রস্তাবের ক্ষেত্রে ভারতের বিদেশি বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (এফআইপিবি) ছাড়পত্র লাগবে। তা ছাড়া প্রতিরক্ষা, মহাকাশ কিংবা আণবিক শক্তির ক্ষেত্রে পাকিস্তানের কোনো বিনিয়োগ গ্রহণ করা হবে না।ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) শীর্ষ কর্মকর্তা রাজীব কুমার বলেছেন, ‘এটা একটা চমৎকার সিদ্ধান্ত...এখন পাকিস্তানেরও উচিত ভারতে বাণিজ্যের জন্য সমমর্যাদার (এমএফএন) সুবিধা গ্রহণ করা।’এর আগে চলতি বছর গোড়ার দিকে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল, তারাও ভারতকে এমএফএন বাণিজ্যিক সুবিধা দেবে।বর্তমানে দুই দেশের মধ্যে বছরে আনুষ্ঠানিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫০ কোটি ডলারের। তবে অবৈধ বাণিজ্য ও চোরাচালানিসহ অনানুষ্ঠানিক বাণিজ্যের পরিমাণ এর প্রায় তিন গুণ। বিবিসি।