ভারতে বিবাহবিচ্ছেদের পরও বৈবাহিক সম্পত্তিতে স্ত্রীর অধিকার থাকবে—এই স্বীকৃতি দিয়ে বিবাহ আইনের সংশোধনী বিল অনুমোদন করেছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন আইনে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার এবং দত্তক বা নিজেদের সন্তানের প্রতি স্বামী-স্ত্রীর সমান অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া আগের চেয়ে সহজ করার কথা বলা হয়েছে।গত শুক্রবার বিবাহ আইন (সংশোধনী) বিল-২০১০ নামের এই বিলের অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে এই বিলের কিছু সংশোধনীর বিরোধিতা করছে কিছু কিছু মানবাধিকার সংগঠন। নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেন্টার ফর সোশ্যাল রিসার্চের রঞ্জনা কুমারী বলেন, ‘আইন করে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সহজ করা হলে তা এ দেশের নারীদের জন্য বিপজ্জনক হবে। আমাদের দেশের বেশির ভাগ নারী নিরক্ষর। নিজেদের আইনি অধিকার সম্পর্কেও সচেতন নয় তারা। তাই বিবাহবিচ্ছেদ সহজ করার বিষয়টি তাদের বিপক্ষেই যাবে। তবে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার প্রস্তাবকে তিনি স্বাগত জানান।বিবাহবিচ্ছেদ হলেও সাবেক স্বামীর সম্পত্তিতে নারীদের একটি অংশ পাওয়ার সুপারিশ গ্রহণ করেছে মন্ত্রিসভা। সংসদীয় কমিটি এই সুপারিশ করেছিল। টাইমস অব ইন্ডিয়া।