ভারতে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের গান্ধী ময়দানে নরেন্দ্র মোদির সমাবেশে বোমা হামলায় আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের গান্ধী ময়দানে নরেন্দ্র মোদির সমাবেশে বোমা হামলায় আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

ভারতের বিহার রাজ্যে পাটনায় বিরোধী দল বিজেপির সমাবেশে গতকাল রোববার বোমা হামলার ঘটনায় পুলিশ আজ সোমবার দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। এদিকে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে পিটিআই।
‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, পুলিশের ধারণা আটক করা দুজনের একজন বোমা হামলার মূল পরিকল্পনাকারী। এখন পর্যন্ত পুলিশ বহু সন্দেহভাজনকে আটক করেছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজ পিটিআইকে বলেন, ন্যাশনাল ইনভেসটিগেশন এজেন্সি (এনআইএ) ও পাটনার পুলিশ সমাবেশস্থল গান্ধী ময়দানে প্রমাণ ও যোগসূত্রের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। গতকাল পাটনা শহরে লাগাতার সাতটি বোমা বিস্ফোরণের ছয়টি হয়েছিল ওই ময়দানে। তাতে ৮৩ ব্যক্তি আহত হন।
পুলিশ বলছে, আটক সন্দেহভাজনদের নাম তৌসিম ও ইমতিয়াজ।
পাটনার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মানু মহারাজ এর আগে বলেছিলেন, ‘সন্দেহভাজনদের একজনকে আটক করা হয়েছে। সে হামলার মূল পরিকল্পনাকারী। হামলার নকশা কীভাবে করা হয়েছিল, তা সে ব্যাখ্যা করেছে।’
মানু আরও বলেন, ‘সন্দেহভাজনদের তিন থেকে চারজনকে আটক করা হয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি, তাই আশা করছি, কয়েক দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।...হামলায় ছয়-সাতজন ব্যক্তি জড়িত ছিলেন। খোঁজ মিললে অভিযান চালাচ্ছি। রাঁচিতে খবর দেওয়া হয়েছে এবং আমাদের একটি দল সেখানে নিয়ে কাজ শুরু করেছে।’
গতকাল গান্ধী ময়দানের সমাবেশে বিরোধী দল বিজেপির নেতা নরেন্দ্র মোদি বক্তব্য রাখার কয়েক ঘণ্টা আগে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।