ভারতে ভবনধসে নিহত ১৪
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় গত শনিবার নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। কানাকোনা শহরের পাঁচতলা ওই বিধ্বস্ত ফ্ল্যাটবাড়িতে আরও ১৫ থেকে ২০ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ভবনটিতে অন্তত ৪০ জন লোক ছিলেন। সময় পেরোনোর সঙ্গে সঙ্গে তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে। তবে উদ্ধার তৎপরতা জোরদার করতে গতকাল রোববার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এ কাজে ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। ধসের কারণ সম্পর্কে জানা যায়নি। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন শ্রমিক।
রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পারিকার বলেন, ভবনটির নির্মাণকাজ অনুমোদনে নির্মাতা, ঠিকাদার ও পৌর কর্মকর্তারা যুক্ত ছিলেন।
রমেশ নায়েক নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ভবনটি “তাসের ঘরের মতো” ভেঙে পড়ে। এ সময় মনে হচ্ছিল, ভূমিকম্প হয়েছে। ধুলার কারণে কিছুই দেখা যাচ্ছিল না।’ এএফপি ও বিবিসি।