ভারতে ভুয়া 'বন্দুকযুদ্ধ' ১৭ পুলিশ দোষী
বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে এক শিক্ষার্থীকে হত্যার দায়ে ভারতের উত্তরাখন্ড রাজ্যের ১৭ পুলিশ সদস্য দোষী সাব্যস্ত হয়েছেন৷ রাজধানী নয়াদিল্লির একটি আদালত গতকাল শুক্রবার তাঁদের দোষী সাব্যস্ত করেন৷ খবর জি নিউজের৷
উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদের এমবিএ শিক্ষার্থী রণবীর সিংকে (২২) ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে ২০০৯ সালের জুলাই মাসে উত্তরাখন্ডের মোহিনি রোড থেকে আটক করেন ওই পুলিশ সদস্যরা৷ এরপর কথিত বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়৷
পরে রণবীরের বাবা রবীন্দ্র সিং অভিযোগ করেন, তাঁর ছেলে চাকরির সন্ধানে ওই এলাকায় যাওয়ার পর পুলিশ তাঁকে আটক করে৷ পরে তাঁর মরদেহে ২৯টি গুলি পাওয়া যায়৷ পুলিশ ঘটনাটিকে বন্দুকযুদ্ধ নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে৷
রণবীরের বাবার অভিযোগ তদন্ত করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) উত্তরাখন্ডের ১৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে৷
নয়াদিল্লিতে সিবিআইয়ের একটি আদালতে বিচারকাজ চলে৷ আদালতের বিচারকেরা গতকাল ১৭ জন পুলিশ সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন৷ বাকি একজনকে নথিপত্র ধ্বংসের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে৷ আদালত আগামী মঙ্গলবার এই ১৮ জনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করবেন৷