ভারতে মদ বিক্রির হিসাব দিতে হবে নির্বাচন কমিশনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ভোটের মৌসুমে ভারতের বিভিন্ন রাজ্যে মদ বিক্রি বেড়ে যায়। ভারতের নির্বাচন কমিশন এদিকে নজরদারির উদ্যোগ নিয়েছে। প্রতিটি লাইসেন্স পাওয়া মদের দোকানে প্রত্যাশিত হারের চেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানাতে হবে। অন্যথায় দোকানের লাইসেন্স বাতিল হয়ে যাবে। খবর বাসসের।

গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের সব জেলায় মদের দোকান মালিকদের জরুরি বৈঠকে ডেকে এই নির্দেশনামা জানিয়ে দিয়েছে আবগারি দপ্তর।

দার্জিলিংয়ের আবগারি দপ্তরের সুপার সুজিত দাস বলেন, ‘এমনিতেই আমরা ভোটের সময়ে নিয়মিত হিসাব কমিশনকে দাখিল করি। এবার বাড়তি হিসেবে দৈনিক বিক্রির হিসাব দিতে হবে।’ প্রশাসনিক সূত্রে জানা যায়, মূলত অতি-স্পর্শকাতর ও স্পর্শকাতর এলাকায় মদ বিক্রির ওঠানামা দেখে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে পারে কমিশন।

কোথাও আচমকা মদ বিক্রি অস্বাভাবিক বেড়ে গেলে ওই এলাকাকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তবে বিষয়টিতে মদের দোকান মালিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। কারণ, বিদেশি মদের অধিকাংশ দোকান নিয়ম মেনে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা বাধ্যতামূলক। তারপর সে দিনের হিসাব পরদিন সকাল আটটার মধ্যে জেলাশাসক তথ্য রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছাতে হবে, যাতে হিসাব বেলা ১০টার মধ্যে সেখান থেকে রাজ্য আবগারি দপ্তরে পাঠানো যায়। পানশালা-লাগোয়া মদের দোকানে রাত ১২টা পর্যন্ত বিক্রি চলে। মাঝরাত পর্যন্ত দোকান চালানোর পরে হিসাব তৈরি করে পাঠাতে ভোর হয়ে যাবে। গত বছরের সঙ্গে এ বছর মদ বিক্রির হিসাব মেলানোর নির্দেশেও ক্ষুব্ধ হয়েছেন দোকান মালিকেরা। তাঁদের অনেকের অভিযোগ, গত বছর মার্চের চেয়ে এ বছর কত শতাংশ বেশি বা কম বিক্রি হলো, তার দিনভিত্তিক হিসাব রাখার জন্য আলাদা কর্মী নিয়োগ ছাড়া উপায় নেই।