ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়কমন্ত্রী বীরভদ্র সিং মন্ত্রিসভা থেকে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। হিমাচল প্রদেশের একটি আদালত বীরভদ্রকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার পর তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের পর বীরভদ্র সিং বলেন, তিনি প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং বীরভদ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হিমাচল প্রদেশে ২৩ বছরের পুরোনো একটি মামলায় গত সোমবার বীরভদ্র ও তাঁর স্ত্রীকে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়। উত্তরাঞ্চলীয় ওই রাজ্যে পাঁচ দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী বীরভদ্র ওই অভিযোগ অস্বীকার করেছেন। কংগ্রেসের সাংসদ ও বীরভদ্রের ঘনিষ্ঠ সহযোগী মুকেশ অগ্নিহোত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য মূলকভাবে বীরভদ্রের বিরুদ্ধে মামলাটি সাজানো হয়েছে। এর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই অব্যাহত রাখা হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন সরকার এমনিতেই বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত। তার ওপর বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ সরকারকে আরও বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। মামলাটি পুরোনো হলেও কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় ক্ষমতাসীন জোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর আগে দেশটির কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী এ রাজা দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল ফোনের লাইসেন্স দেওয়া-সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মন্ত্রিত্ব হারিয়েছেন। এ সংশ্লিষ্ট মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এএফপি।