ভারতে মার্কিন অস্ত্রবোঝাই জাহাজ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের তুটুকোডি জেলার তুতিকরিণ সমুদ্রবন্দরের উপকূলে গত শনিবার ভোরে আটক হন মার্কিন অস্ত্রবোঝাই জাহাজের নাবিক ও সশস্ত্র রক্ষীরা। আজ শুক্রবার সকালে তাঁদের গ্রেপ্তার করেছে তামিলনাড়ুর পুলিশ।
তুতিকরিণ সমুদ্রবন্দরের পাশে মুথাইপুরম থানায় আজ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের তুতিকরিণ ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়।
আদালত গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে জাহাজ থেকে উদ্ধার হয়েছে ৩১টি অ্যাসল্ট রাইফেল এবং পাঁচ হাজার কার্তুজ।
গোপন সূত্রে খবর পেয়ে ভারতের উপকূল রক্ষীবাহিনী (কোস্ট গার্ড) গত শনিবার ভোরে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের পতাকাবাহী ‘এমভি সিম্যান গার্ড ওহিও’ নামের এই অস্ত্রবোঝাই মার্কিন জাহাজটি আটক করে। জাহাজটির মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডভান ফোর্ট কোম্পানির। ওই জাহাজে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দায়ের করা হয়েছে একটি মামলাও।
জাহাজটিতে ১০ জন নাবিক এবং ২৫ জন সিকিউরিটি গার্ড বা সশস্ত্র রক্ষী আছেন। এই ১০ জন নাবিকের মধ্যে ২ জন ইউক্রেনের এবং ৮ জন ভারতীয়। অন্যদিকে ২৫ জন নিরাপত্তা রক্ষীর মধ্যে ১৪ জন এস্তোনিয়ার, যুক্তরাজ্যের ছয়জন, ভারতের চারজন ও ইউক্রেনের একজন।
ওই জাহাজে আটক অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র না থাকায় বেআইনি অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়। যদিও জাহাজের ক্যাপ্টেন দাবি করেছেন, জলদস্যুদের হাত থেকে মার্কিন পণ্যবাহী জাহাজকে রক্ষার জন্য জাহাজে ওইসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও রক্ষী রাখা হয়েছিল।