ভারতে যৌতুকবিরোধী আইনের অপব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করতে ভারতের নারীদের মধ্যে যৌতুকবিরোধী কড়া আইনটি ব্যবহারের হার বাড়ছে বলে দেশটির সুপ্রিমকোর্ট বলেছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

বিচারপতি সি কে প্রসাদ ও বিচারপতি পি সি ঘোষ সমন্বয়ে গঠিত সুপ্রিমকোর্টের একটি বেঞ্চ গতকাল বুধবার বলেন, নারীদের সহায়তা করার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট স্ত্রীরা এটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যৌতুকের অভিযোগে কাউকে গ্রেপ্তার করার আগে নয়টি বিষয় যাচাই করে দেওয়ার জন্য পুলিশের প্রতি একটি নির্দেশনা দিয়েছেন আদালত।

ভারতে যৌতুক একটি অভিশাপ। প্রতিবছর এখানে আট হাজারের বেশি নারী যৌতুকের বলি হয়ে প্রাণ হারান। বিয়ের সময় কনের পরিবারের পক্ষ থেকে বরের পরিবারকে নগদ অর্থ, জামাকাপড়, স্বর্ণালংকারসহ মূল্যবান পণ্য দেওয়া দক্ষিণ এশিয়ার বহু শতাব্দীর ঐতিহ্য। ১৯৬১ সাল থেকে ভারতে যৌতুক বেআইনি। কিন্তু এর পরও এই প্রথা এখনো বন্ধ হয়নি। যৌতুকের জন্য এখনো বহু নারী পারিবারিক নির্যাতনের শিকার হন, অনেকে নিহতও হন।

শ্বশুরবাড়িতে নির্যাতন-হয়রানি বন্ধ ও মৃত্যু ঠেকাতে ভারতে ১৯৮৩ সালে যৌতুকবিরোধী কঠোর আইন প্রণয়ন করা হয়। এর আওতায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পারে পুলিশ। তবে আইনটি নিয়ে কাজ করা ব্যক্তিরা জানিয়েছেন, এই সুযোগটি নিয়ে অনেক নারী স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের হয়রানি করতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।

যৌতুকবিরোধী আইনে গ্রেপ্তার জামিন-অযোগ্য। অর্থাত্, এই আইনে কাউকে গ্রেপ্তার করা হলে জামিন মিলবে না। ফলে হয়রানির জন্য আইনের এ ধারাটি বেছে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের এই দুই বিচারপতি বলেন, স্বামী ও তাঁর আত্মীয়দের এই ধারায় গ্রেপ্তার করিয়ে হয়রানি করা সবচেয়ে সহজ। অনেক ক্ষেত্রে দেখা গেছে, স্বামীর শয্যাশায়ী দাদা-দাদি, এমনকি বিদেশে থাকা তাঁর বোনদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, ২০১২ সালে যৌতুকের অভিযোগে ৪৭ হাজার ৯৫১ জন নারীসহ প্রায় দুই লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এর মধ্যে মাত্র ১৫ শতাংশ দোষী সাব্যস্ত হয় বলে আদালত উল্লেখ করেছেন।