ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ৪২টি মনোনয়নপত্র জমা পড়েছে
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ধারণা করা হচ্ছে, বেশির ভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চাইলে অন্তত ৫০ জন সাংসদ বা বিধায়কের সমর্থন লাগে। প্রস্তাবক বা সমর্থক হিসেবে ওই ৫০ সাংসদ বা বিধায়কের নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ জুলাই। ভোট গ্রহণ করা হবে ১৯ জুলাই। ভোটের ফল প্রকাশ করা হবে ২২ জুলাই। ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের মেয়াদ পূর্ণ হবে ২৪ জুলাই। নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।২০০৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছিল ৮৪টি। কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ৮২টি মনোনয়নপত্র বাতিল হয়। শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রতিভা পাতিল এবং জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) ভৈঁরো সিং শেখওয়াত।এবার রাষ্ট্রপতি পদে প্রধান দুই প্রার্থী হলেন ইউপিএর প্রণব মুখার্জি এবং এনডিএর পি এ সাংমা।