ভারতে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে টানাপোড়েনে ইউপিএ জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) দলগুলোর মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পছন্দের দুই প্রার্থীর কারও প্রতি সমর্থন না জানিয়ে নতুন করে তিনজনের নাম প্রস্তাব করেন। মমতার প্রস্তাবিত নামগুলোর সঙ্গে একমত সমাজবাদী দলের (এসপি) নেতা মুলায়ম সিংও। এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠকে বসেন। তবে বৈঠকের সিদ্ধান্ত তাৎক্ষণিক জানা যায়নি। সোনিয়া দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করে দু-এক দিনের মধ্যে রাষ্ট্রপতি পদে দলের মনোনীত নেতার নাম ঘোষণা করবেন।ভারতে আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে। ২৪ জুলাই দেশটির ১২তম রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের মেয়াদ শেষ হচ্ছে।রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কংগ্রেসের প্রথম পছন্দ প্রণব মুখার্জি। এর পরই আছেন বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। গতকাল কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদি কৌশলে আবারও সে কথাই উল্লেখ করেন। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনার্দন বলেন, ‘রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের আগের অবস্থানের পরিবর্তন হয়নি। প্রণব মুখার্জি ও হামিদ আনসারি—এই দুজনই মনোনয়নের দৌড়ে আছেন।’ তিনি বলেন, ‘তবে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’ মমতা ও মুলায়মের প্রস্তাবিত রাষ্ট্রপতি প্রার্থীর তালিকায় থাকা প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রসঙ্গে জনার্দন বলেন, ‘আগেও বলা হয়েছে, এখনো বলছি প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাঁকে কোনোভাবেই ওই দায়িত্ব থেকে সরানো হবে না।’গত বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লিতে মুলায়ম সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সাবেক স্পিকার বামপন্থী নেতা সোমনাথ চ্যাটার্জির নাম প্রস্তাব করেন মমতা। জনার্দন গতকাল কংগ্রেসের অবস্থানের কথা জানিয়ে দেওয়ায় মমতা-মুলায়মের প্রস্তাব নাকচ হয়ে গেল।রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের মনোনীত প্রার্থীর পক্ষে ডিএমকে, আরজেডি, এনসিপি ও আরএলডির সমর্থন ইতিমধ্যে নিশ্চিত করেছে কংগ্রেস। তৃণমূল ও সমাজবাদী পার্টির সমর্থন পাওয়ারও প্রত্যাশা ছিল দলটির। এখন এই দুটি দলের সমর্থন না পেলে রাষ্ট্রপতি নির্বাচনে হারের শঙ্কা রয়েছে দলটির। সমাজবাদী পার্টি ইউপিএ জোটে না থাকলেও বাইরে থেকে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। এএফপি, পিটিআই অনলাইন ও টিএনএন।