পাকিস্তানের একটি কারাগারে হামলায় নিহত ভারতের নাগরিক সর্বজিৎ সিংয়ের শেষকৃত্যানুষ্ঠান গতকাল শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সর্বজিতের বাড়ি ভারতের পাঞ্জাবে। ওই শেষকৃত্যানুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। এতে যোগ দেন ক্ষমতাসীন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীসহ অনেক রাজনৈতিক নেতাও। সর্বজিতের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে পাঞ্জাব রাজ্য সরকার।এদিকে ভারতের জম্মু শহরের একটি কারাগারে গতকাল পাকিস্তানি এক বন্দীর ওপর হামলা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বজিতের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গতকাল মানুষের ঢল নামে। তাদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ সময় জনতা পাকিস্তানের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সর্বজিতের মরদেহ স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে রাখা হয়। শেষকৃত্যানুষ্ঠানে রাহুল গান্ধী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং, কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রিনিত কাউর প্রমুখ। উপস্থিত ছিলেন সর্বজিতের স্ত্রী সুখপ্রিত কাউর, দুই মেয়ে স্বপনদীপ ও পুনম এবং শ্যালক সঞ্জয়।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সর্বজিতের মরদেহ পাঞ্জাবে তাঁর বাড়িতে পৌঁছে। ভারতের জাতীয় পতাকায় ঢাকা মরদেহবাহী কফিন নিয়ে সর্বজিতের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে সর্বজিতের মরদেহ পাকিস্তানের লাহোর থেকে ভারতের অমৃতসরে নেওয়া হয়। অমৃতসর মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ নেওয়া হয় পাঞ্জাবে।সর্বজিতের মৃত্যুতে পাঞ্জাবে তিন দিনের শোক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং। তিনি সর্বজিতের পরিবারকে এক কোটি রুপি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সর্বজিতের দুই মেয়েকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ১৯৯০ সালে পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে বোমা হামলার অভিযোগে পাকিস্তানে গ্রেপ্তার হন সর্বজিৎ। ১৯৯১ সালে পাকিস্তানের একটি আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। লাহোরের কোট লাখপাট কারাগারে গত ২৬ এপ্রিল বন্দীদের হামলায় আহত হন তিনি। গত বুধবার তিনি মারা যান। খুনের দায়ে ভারতের জম্মু শহরের একটি কারাগারে বন্দী পাকিস্তানি নাগরিক সানাউল্লাহর ওপর হামলা চালিয়েছেন অন্য বন্দীরা। কারাগারের একজন কর্মকর্তা জানান, সানাউল্লাহ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মুর পুলিশপ্রধান রাজেশ কুমার জানান, পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জম্মুর কারাগারে পাকিস্তানি নাগরিকের ওপর হামলা সর্বজিতের হামলার পাল্টা জবাব। এটা নিন্দনীয়। বিবৃতিতে ওই পাকিস্তানির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এএফপি, হিন্দু, হিন্দুস্তান টাইমস।