ভারতে শিশুর বয়সসীমা দুই বছর কমিয়ে আনার প্রস্তাব
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনার পর শিশুর বয়সসীমা ১৮ বছর থেকে দুই বছর কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব উঠেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার এই প্রস্তাব দিয়েছে।সম্প্রতি গণধর্ষণের মতো ঘটনায় ১৮ বছরের কম বয়সী কারও কারও জড়িয়ে পড়ার নজির মিলছে। এতে ‘বয়স কম’ বিবেচনায় গুরুদণ্ড এড়ানোর সুযোগ রয়ে গেছে। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত সব রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের এক বৈঠকে নাবালকত্বের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব প্রথম উত্থাপন করে পশ্চিমবঙ্গ সরকার। এ প্রস্তাবকে সমর্থন জানায় তামিলনাড়ু ও উত্তর প্রদেশ সরকার। বৈঠকে প্রস্তাবের সঙ্গে অন্যরা সহমত পোষণ করেন।নয়াদিল্লিতে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ১৭ বছর। এ কারণে এই অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে পুলিশ অন্যদের সঙ্গে অভিযোগপত্র দাখিল করতে পারেনি।