ভারতে শীতে ১২৫ জনের মৃত্যু
উত্তর ভারতজুড়ে এখনো চলছে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যে এই শৈত্যপ্রবাহে ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১০ জনের মৃত্যু হয়েছে কেবল উত্তর প্রদেশে। কাশ্মীরে প্রচণ্ড তুষারপাতে বন্ধ হয়ে গেছে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ। ভারী তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশেও। তীব্র শৈত্যপ্রবাহ চলছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর রাজস্থান, উত্তরাখন্ড, বিহার ও ঝাড়খন্ডে। কলকাতায় তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গজুড়েও চলছে এই শৈত্যপ্রবাহ। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে দার্জিলিংয়ে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াসে।তীব্র এই শীতের কারণে দিল্লি সরকার কয়েক দিনের জন্য সকালের স্কুল বন্ধ করে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। বিহারের মুখ্যমন্ত্রী গতকাল মঙ্গলবার থেকে বিহারের সব স্কুল তিন দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাঞ্জাব সরকারও গতকাল চার দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।এই ঠান্ডা ও কুয়াশার কারণে গোটা ভারতে বিমান, ট্রেন ও বাস চলাচল ব্যাহত হয়ে পড়েছে। দিল্লিতে গতকাল ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে বাতিল করা হচ্ছে বহু বিমান ও রেলের যাত্রাও।টানা তুষারপাতে ৩০০ কিমি দীর্ঘ শ্রীনগর-জম্মু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে আটকা পড়েছে দুই সহস্রাধিক গাড়ি।