ভারতে সবচেয়ে ধনী ও গরিব প্রার্থী
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে ধনী প্রার্থী হলেন নন্দন নিলেকানি। সবচেয়ে গরিব হলেন কেরালা রাজ্যের কোট্টায়াম আসনের প্রার্থী রাজু।
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। গতকাল বেঙ্গালুরুতে প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, তাঁর ও স্ত্রীর সম্পত্তির পরিমাণ সাত হাজার ৭০০ কোটি রুপি। তিনি কংগ্রেসের টিকিটে কর্ণাটক রাজ্যের রাজধানী দক্ষিণ বেঙ্গালুরু আসনে লড়বেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী অনন্ত কুমারের সম্পত্তির পরিমাণ ৫১ লাখ ১২ হাজার রুপি। এই আসনে ১৭ এপ্রিল ভোট নেওয়া হবে।
সবচেয়ে গরিব প্রার্থী কেরালা রাজ্যের কোট্টায়াম আসনের প্রার্থী রাজু বামপন্থী দল এসইউসিআইর (সোসালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া) সদস্য। তাঁর অর্থের পরিমাণ ৫০০ রুপি। রাজু নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে এফিডেভিটের মাধ্যমে দাখিল করা সম্পত্তির বিবরণীতে বলেছেন, তাঁর হাতে নগদ অর্থ রয়েছে মাত্র ৫০০ রুপি। আর স্থানীয় একটি সমবায় ব্যাংকে রয়েছে ২৫০ রুপি। এ ছাড়া তাঁর ও স্ত্রীর কোনো স্থাবর সম্পত্তি বা সোনা-গয়না, বাড়িঘর কিছুই নেই। রাজু ওই এলাকায় একজন সমাজসেবী হিসেবে পরিচিত। এই আসনে আগামী ১০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।