সামরিক শক্তিকে আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাত হাজার কোটি রুপির অস্ত্র কেনার একটি বড় প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে ১৪৫টি অতি হালকা হাওইটজার ক্রয়, যার দাম তিন হাজার কোটি রুপি।দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের (ডিএসি) এক সভায় গতকাল শুক্রবার এই অনুমোদন দেওয়া হয়। গত ২৬ বছরের মধ্যে ভারতের সেনাবাহিনীর জন্য এই প্রথম হাওইটজার কেনা হচ্ছে। ১৯৮৬ সালের বোফর্স কেলেঙ্কারির পর ভারতের সেনাবাহিনী তাদের পদাতিক বাহিনীর জন্য কোনো নতুন অস্ত্র কেনেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ৬৫টি রাডার কেনার একটি প্রকল্পও অনুমোদন করেছে ডিএসি, যার দাম প্রায় তিন হাজার কোটি রুপি। প্রকল্পগুলো এখন চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে তা নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভায় (সিসিএস) উত্থাপন করা হবে। সূত্র জানায়, ১৫৫ মিলিমিটারের অতি হালকা হাওইটজারগুলো অরুণাচল ও লাদাখের উঁচু অঞ্চলে মোতায়েন করা হবে। সেনাবাহিনীর জন্য ডিএসি অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—টি-৯০ ট্যাংকের ৩০০ কোটি রুপির যন্ত্র ও ৯০ কোটি রুপির ৩০০টি ওয়াটার ট্যাংক। এ ছাড়া রয়েছে পদাতিক ও বিমানবাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা এক চিঠিতে সেনাপ্রধান ভি কে সিং তাঁর বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং উপরোল্লিখিত এসব অস্ত্রের স্বল্পতার কথা বলেছিলেন। পিটিআই।