ভারতে সাবমেরিন দুর্ঘটনায় প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনে
ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনে

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনে (ডুবোজাহাজ) আজ বুধবার ভোরে বিস্ফোরণ ও আগুন ধরেছে। এ ঘটনায় প্রাণহানি ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা তিনি জানাননি। 
দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, মুম্বাইয়ের সুরক্ষিত একটি নৌ ডকইয়ার্ডে মধ্যরাতের পর এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ ও আগুন ধরার পর আইএনএস সিন্ধুরক্ষক নামের সাবমেরিনটি ডকইয়ার্ডে ডুবে যায়। এ ঘটনায় ১৮ জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নৌবাহিনীর তিনজন কর্মকর্তা রয়েছেন।
আজ পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি সাংবাদিকদের কাছে বলেছেন, ‘নৌবাহিনীর যেসব সদস্য দেশের জন্য প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য শোকাহত।’
তবে সাবমেরিন দুর্ঘটনায় কতজন নাবিক নিহত হয়েছেন, এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাননি প্রতিরক্ষামন্ত্রী।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মধ্যরাতের পর রাশিয়ায় তৈরি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনটিতে প্রথমে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়। এতে সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়। দুর্ঘটনার পর অনেক নাবিক সাবমেরিন থেকে লাফিয়ে পড়ে নিরাপদে বাইরে আসতে সক্ষম হন। বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আগেই ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সাবমেরিনটির ভেতরে বেশ কিছু নাবিক আটকা পড়েছেন। এই সংখ্যা ১৮ জনের মতো হতে পারে বলে তাঁদের ধারণা। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকারী দল রয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।