ভারতে হেলিকপ্টার কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগ
ভারতের কেন্দ্রীয় নিরীক্ষা দপ্তর গতকাল মঙ্গলবার বলেছে, ইতালির অগাস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে বিলাসবহুল হেলিকপ্টার কেনার চুক্তির ক্ষেত্রে সরকারি প্রতিরক্ষা ক্রয়ের নীতি মানা হয়নি। ১২টি হেলিকপ্টারের ওই চুক্তির আর্থিক মূল্য প্রায় তিন হাজার ৬০০ কোটি রুপি।
পার্লামেন্টে উপস্থাপিত প্রতিবেদনে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বলেছেন, বেশ কয়েকটি নজির দেখা গেছে, যেখানে মন্ত্রণালয় ডিপিডি (ডিফেন্স প্রকিউরমেন্ট পলিসি-প্রতিরক্ষা ক্রয়নীতি) বিধির ব্যত্যয় ঘটিয়েছে।
ভারত ও ইতালি সরকার উভয়েই ২০১০ সালে অগাস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তির বিষয়টি খতিয়ে দেখছে। অগাস্টাওয়েস্টল্যান্ড ইতালির বাণিজ্যগোষ্ঠী ফিনমেকানিকার অঙ্গ প্রতিষ্ঠান।
প্রতিবেদনে সিএজি সাবেক বিমানবাহিনী প্রধান ফালি মেজর ও বর্তমান প্রধান নিরীক্ষক শশীকান্ত শর্মাকে দায়ী করেছেন। এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আরেক সাবেক বিমানবাহিনী প্রধান এসপি তিয়াগিকে ক্ষমতার অপব্যবহার করে এ চুক্তি স্বাক্ষরের পক্ষে তদবিরের অভিযোগ করেছিল। রয়টার্স ও এনডিটিভি।