ভারতে প্রতি ১০ জনে তিনজন দরিদ্র, যা মোট জনসংখ্যার ২৯ দশমিক ৫ শতাংশ বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১১-১২ সালের সীমক্ষা অনুযায়ী রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক গভর্নর সি রঙ্গরাজনের নেতৃত্বাধীন একটি প্যানেলের জমা দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টেন্ডুলকার কমিটির এ ধরনের এক প্রতিবেদন নাকচ করা হয়েছে নতুন এই প্রতিবেদনে।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে পরিকল্পনামন্ত্রী রাও ইন্দ্রজিত্ সিংহের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
প্যানেলের একজন বিশেষজ্ঞ বলেন, গ্রামাঞ্চলে যাঁদের দৈনিক ৩২ রুপির ওপর ও শহরে ৪৭ রুপির ওপর খরচ করার সামর্থ্য রয়েছে, তাঁরা দরিদ্র বলে গণ্য হবেন না।
প্রতিবেদনে জানানো হয়, ২০০৯-১০ সালে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল তত্কালীন মোট জনসংখ্যার ৩৮ দশমিক ২ শতাংশ এবং ২০১১-১২ সালে তা কমে ২৯ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়।
মোদি সরকারের বাজেট অধিবেশনের আগমুহূর্তে এই প্রতিবেদন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় পরিসংখ্যানগত কমিশনের সাবেক প্রধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুরেশ টেন্ডুলকারের নেতৃত্বে একটি প্যানেল ২০১১ সালের সেপ্টেম্বরে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছিল। সেখানে ২০১১-১২ সালে গ্রামাঞ্চলে যাঁদের দৈনন্দিন খরচ ২৭ রুপির নিচে এবং শহরে ৩৩ রুপির নিচে, তাঁদের দরিদ্র হিসেবে দেখানো হয়েছে; যা দিয়ে দুই বেলার খাবার জোটানো কঠিন ছিল।
সেই প্রতিবেদনে ২০০৯-১০ সালে মোট জনসংখ্যার ২৯ দশমিক ৮ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে বলে উল্লেখ করা হয়; যা ২০১১-১২ সালে কমে ২১ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়।
টেন্ডুলকার কমিটির জমা দেওয়া এই প্রতিবেদন নিয়ে সমালোচনার ঝড় উঠলে গত বছর রঙ্গরাজন কমিটি বিষয়টি পর্যালোচনা শুরু করে।
এই কমিটির প্রতিবেদন অনুযায়ী, শহরে একজনের মাসিক খরচ এক হাজার ৪০৭ রুপির কম হলে তাঁকে দরিদ্র হিসেবে দেখানো হয়েছে। টেন্ডুলকার কমিশনের প্রতিবেদনে এই খরচের পরিমাণ ছিল মাসে এক হাজারের কম।
রঙ্গরাজন প্যানেলের প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ সালে ভারতে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৩৬ কোটি ৩০ লাখ। অথচ টেন্ডুলকারের প্রতিবেদনে এ সংখ্যা বলা হয়েছিল ২৬ কোটি ৯০ লাখ।
২০০৯-১০ সালে দুই কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে এ সংখ্যা ছিল ৪৫ কোটি ৪০ লাখ ও ৩৫ কোটি ৪০ লাখ।