ভারতে ২১ শতাংশ জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা আছে

১২৫ কোটি মানুষের দেশ ভারতে এখন সাংসদ ও বিধায়ক রয়েছেন ৪ হাজার ৮৫৬ জন। এই জনপ্রতিনিধিদের মধ্যে অন্তত ১ হাজার ৪২ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। শতকরা হিসেবে এই সংখ্যা ২১ শতাংশের বেশি। শীর্ষে রয়েছেন বিজেপির জনপ্রতিনিধিরা।
ভারতের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং ভারতের ন্যাশনাল ইলেকশন ওয়াচের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ভারতের নির্বাচন কমিশনে নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা পর্যালোচনা করে তৈরি করা হয়েছে এই সমীক্ষা প্রতিবেদন।
ভারতের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভার সদস্য ৭৭০ জন। আর ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভায় বিধায়ক রয়েছেন ৪ হাজার ৮৬ জন। সব মিলিয়ে সাংসদ ও বিধায়কদের সংখ্যা এখন ৪ হাজার ৮৫৬ জন।
এডিআর ও ভারতের ন্যাশনাল ইলেকশন ওয়াচের সমীক্ষায় উঠে আসা এসব তথ্য দিয়ে আজ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এসব খবরে জানানো হয়, এই জনপ্রতিনিধিদের মধ্যে ৬৪ জনের বিরুদ্ধে অপহরণের মামলা রয়েছে। শীর্ষে রয়েছেন উত্তর প্রদেশ ও বিহারের জনপ্রতিনিধিরা। এই দুই রাজ্যে নয়জন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে ঝুলছে এই অপহরণের মামলা। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এখানের আটজন প্রতিনিধির বিরুদ্ধে ঝুলছে এই মামলা।
সমীক্ষায় বলা হয়, এই ৬৪ জন সাংসদ-বিধায়কদের মধ্যে বিজেপির রয়েছেন ১৬ জন জনপ্রতিনিধি, কংগ্রেসের ৬ জন, লালু প্রসাদের আরজেডির ৬ জন এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) ৫ জন রয়েছেন।
এর আগে প্রকাশিত আরেকটি সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল, নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে—এমন জনপ্রতিনিধিদের সংখ্যা ৪৮।