ভারতে ৬০ লাখ দরিদ্রকে মুঠোফোন দেওয়ার পরিকল্পনা
ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ৬০ লাখ পরিবারের মধ্যে বিনা মূল্যে মুঠোফোন দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই গ্রাহকেরা প্রতি মাসে বিনা মূল্যে ২০০ রুপির কথা বলারও সুযোগ পাবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন এই পরিকল্পনা করেছে। ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। সবকিছু ঠিক থাকলে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই মুঠোফোন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া বলেন, গ্রামের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেই দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের মধ্যে বিনা মূল্যে মুঠোফোন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, গত লোকসভা নির্বাচনের আগে ২০০৮ সালে কৃষিঋণের সুদ মওকুফ করে কংগ্রেস সরকার। এবারও সেই কৌশলের অংশ হিসেবে বিনা মূল্যে মুঠোফোন দিয়ে তারা ভোটব্যাংক শক্তিশালী করতে চাইছে।