ভারতে 'আপ'-এর পর 'খাপ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক দল আপ বা আম আদমি পার্টির আদলে গতকাল শুক্রবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে নতুন একটি দল গড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী নরেশ সিং ভাদুরিয়া। দলের নাম খাপ বা খাস আদমি পার্টি। এটিও দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতীকী দল।
খাপ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা লোকসভা নির্বাচনে অংশ নেবে। উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। এই আসনে আপের প্রার্থী হচ্ছেন কুমার বিশ্বাস। এই আসনেই লড়বেন খাপ নেতা নরেশ ভাদুরিয়া।
নরেশ ভাদুরিয়া জানান, খাপ প্রতিষ্ঠার লক্ষ্য দুর্নীতির সমস্যাকে আরও বেশি করে দেশব্যাপী তুলে ধরা। দলটিতে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই দেওয়া হবে না।
ভাদুরিয়া বলেন, ‘আমরা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে নেই। আমরা তো আর ভোটে জেতা দলের লাইনে নেই। হাজার খানেক ভোট পেলেই সন্তুষ্ট।’