ভারতে 'পুরুষ কমিশন' গঠনের দাবি দুই বিজেপি সাংসদের

সাংসদ হরিনারায়ণ রাজভর (বাঁয়ে) ও অংশুল ভার্মা। ছবি: সংগৃহীত
সাংসদ হরিনারায়ণ রাজভর (বাঁয়ে) ও অংশুল ভার্মা। ছবি: সংগৃহীত

‘স্ত্রীর নির্যাতনের হাত থেকে স্বামীদের বাঁচাতে’ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের দুই বিজেপি সাংসদ পৃথক ‘পুরুষ কমিশন’ গঠনের দাবি তুলেছেন। এই দুই বিজেপি সাংসদ হলেন উত্তর প্রদেশের ঘোসি কেন্দ্রের সাংসদ হরিনারায়ণ রাজভর এবং হরদই কেন্দ্রের সাংসদ অংশুল ভার্মা।

‘পুরুষ কমিশন’ গঠনে সমর্থন আদায়ের জন্য দুই বিজেপি সাংসদ ২৩ সেপ্টেম্বর আয়োজন করেছেন একটি সভার। তাঁরা বলেছেন, সেখানেই তাঁরা জোরালোভাবে দাবি তুলবেন পৃথক পুরুষ কমিশন গঠনের। এই দাবি তাঁরা তুলবেন ভারতের সংসদ লোকসভাতেও। সাংসদ রাজভর দাবি করে বলেছেন, সমাজে কেবল নারীরাই নন, সমানভাবে নারীদের হাতে নিগৃহীত হচ্ছেন পুরুষেরাও। এ ধরনের বহু মামলা এখনো ঝুলে আছে দেশের বিভিন্ন আদালতে। রাজভর আরও বলেন, নারীদের সুবিচার দিতে দেশে যেমন আইন রয়েছে, তেমনি রয়েছে মহিলা কমিশন। ফলে নারীরা অনেকটাই নিশ্চিত সুবিচার পেয়ে থাকেন। তবে পুরুষদের জন্য তেমন কোনো আইন অথবা কমিশন নেই। তাই ৪৯৮ ধারায় মামলা দিয়ে আইনের পথে স্ত্রীরা স্বামীদের বিপাকে ফেলছেন। তাই তাঁরা চাইছেন, নারীদের মতো ভারতে পুরুষ কমিশনও গঠন করা হোক।

যদিও ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন, পুরুষ কমিশন গঠনের কোনো যৌক্তিকতা নেই।