ভারতের অভিযোগ উসকানিমূলক: কায়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসবাদের সমর্থন করছে বলে ভারতের সাম্প্রতিক অভিযোগের জবাবে দেশটির সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি বললেন, এ ধরনের অভিযোগ ‘দুর্ভাগ্যজনক, ভিত্তিহীন ও উসকানিমূলক।’
সেনাপ্রধান কায়ানি গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে সেনাসদর দপ্তরে সামরিক কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) অব্যাহতভাবে ভারতের অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানও উদ্বিগ্ন।
পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মতে, সেনাপ্রধান কায়ানি ওই অনুষ্ঠানে বলেন, পাকিস্তানই ২০০৩ সালে কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতির প্রস্তাব দেয়, যা দুই দেশই গ্রহণ করে। তিনি বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ছুড়ে দেওয়ার চেয়ে এলওসিতে সংঘটিত ঘটনাগুলোর যৌথ বা নিরপেক্ষ তদন্তের ব্যাপারে পাকিস্তানের প্রস্তাবে ভারতকে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার পরামর্শ দিতে হবে। জাতিসংঘ এই উদ্যোগ নিলে বেশি ভালো হয়।’
কায়ানি বলেন, পাকিস্তান সেনাবাহিনী সংযম প্রদর্শন করছে। তবে এটাকে কোনোভাবেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলার সুযোগ হিসেবে ব্যবহার করা ঠিক হবে না।
সম্প্রতি ভারত ও পাকিস্তান নিয়মিতভাবে একে অন্যের বিরুদ্ধে কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। সর্বশেষ গত শুক্রবারও ভারতীয় সেনাদের গোলার আঘাতে এক শিশু নিহত এবং তিন ব্যক্তি আহত হয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তারা অভিযোগ করেছেন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র অভিযোগ করেন, একই দিন পাকিস্তানি সেনারা অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষুদ্র ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছুড়েছে।
‘শক্তিপ্রয়োগ শেষ উপায়’: সন্ত্রাসবাদের সমস্যার প্রতি ইঙ্গিত করে সেনাপ্রধান কায়ানি গতকাল শনিবার বলেন, পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজনবোধে উপযুক্ত জবাব দিতে সক্ষম, তবে শক্তিপ্রয়োগের বিষয়টি হচ্ছে শেষ উপায়। পাকিস্তান মিলিটারি একাডেমির একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডন।