ভারতের অরুণাচলে সেতু ভেঙে ছয় জনের মৃত্যু
ভারতের অরুণাচল প্রদেশে গত শনিবার একটি ঝুলন্ত সেতু ভেঙে ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ২৫ জন। কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় প্রদেশের পূর্ব কামেং জেলার সেপ্পা গ্রামে কেমাং নদীর ওপর কাঠ ও দড়ির তৈরি একটি পুরোনো সেতু হঠাৎ ভেঙে পড়ে। এ সময় সেতু দিয়ে শতাধিক লোক নদী পার হচ্ছিল। পুলিশ সুপার কিমে আয়া জানান, সেতু ভেঙে পড়ার ঘটনায় এ পর্যন্ত ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক মুখপাত্র জানান, সেতু ভেঙে ছয়জনের মৃত্যুর ঘটনায় মনমোহন সিং শোক প্রকাশ করেছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও ওই ঘটনায় শোক প্রকাশ করেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা গ্রহণ করতে বলেছেন। এর আগে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বিজনবাড়িতে একটি কাঠের সেতু ভেঙে ৩৫ জনের মৃত্যু হয়। পিটিআই।