ভারতের অর্থনীতি কঠিন পরিস্থিতিতে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, রুপির মূল্য ব্যাপকভাবে কমে যাওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় তাঁর দেশের অর্থনীতির ওপর কালো ছায়া পড়েছে। দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখোমুখি। গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের সমালোচনার মুখে লোকসভায় এসব কথা বলেন তিনি।
মনমোহন সিং বলেন, ‘দেশের এ অর্থনৈতিক পরিস্থিতির পেছনে অনেক কারণ রয়েছে। আমি অস্বীকার করব না, দেশের অভ্যন্তরীণ কিছু ঘটনাও এর জন্য দায়ী।’
আন্তর্জাতিক কিছু ঘটনা রুপির মূল্য ও ভারতের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে মনমোহন সিং বলেন, ‘সিরিয়া-সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য অনেক কমে গেছে। এসব কারণে আমাদের অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর পেছনে আরও কারণ আছে। এ বিষয়ে আমি আগামীকাল (আজ শুক্রবার) বিবৃতি দেব।’
এর আগে রুপির মূল্য কমে যাওয়ার বিষয়টি তোলেন বিরোধী দলের নেতা অরুণ জেটলি। তিনি বলেন, ‘রুপির মূল্য কমে শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। উৎপাদন কমে গেছে। সেবা খাতের প্রবৃদ্ধি পড়ে গেছে ৭ থেকে ১০ শতাংশ। খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দ্বিগুণ হবে। এ অবস্থায় সরকার কী করতে যাচ্ছে?’
অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ভারতের অর্থনীতি মন্থর হয়ে পড়েছে।
জেটলি আরও বলেন, ‘পরিস্থিতি ভয়ানক। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এ পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে তাঁর মনে কী আছে। গণতান্ত্রিক দেশ হিসেবে এর দায়িত্ব প্রধানমন্ত্রীর কাঁধেই বর্তায়।’
লোকসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালে বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ রুপির মূল্য ক্রমাগত কমতে থাকা নিয়ে কথা বলতে স্পিকার মীরা কুমারের অনুমতি চান।
সুষমা বলেন, গত পরশু দিন অর্থমন্ত্রী পার্লামেন্টে দীর্ঘ বক্তব্য দেন। দেশের অর্থনীতির উন্নতির জন্য তিনি ১০ দফা পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন। মন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে দেশের অর্থনীতির উন্নতি হবে। তাঁর এ বক্তব্য শোনার পর দেশ ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু হয়েছে উল্টো, তা কমেছে।
সুষমা স্বরাজ আরও বলেন, রুপির সঙ্গে দেশের মর্যাদা জড়িয়ে রয়েছে। তাই এ বিষয়ে খ্যাতিমান অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাই।
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব বলেন, সরকারের ভ্রান্ত নীতির কারণেই আজ রুপির মূল্য এতটা কমে গেছে। চলতি বছরের বাজেটও নীতিবিরোধী ছিল। টাইমস অব ইন্ডিয়া।