ভারতের অর্ধেক জনগোষ্ঠী একসঙ্গে বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিদ্যুৎ বিপর্যয় ব্যাপক রূপ নিয়েছে। রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের অন্তত ১৯টি রাজ্যে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এ দিন দেশটির অর্ধেকের বেশি প্রায় ৬০ কোটি মানুষ একসঙ্গে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এটাকে বিশ্বের বড় বিদ্যুৎ বিপর্যয়গুলোর একটি বলে ভাবা হচ্ছে।গতকাল স্থানীয় সময় দুপুরের পর দেশটির প্রধান তিনটি বিদ্যুৎ সরবরাহ গ্রিড—উত্তরাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের কারণ এখনো স্পষ্ট নয়। তবে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশ—এই চারটি রাজ্য তাদের জন্য বরাদ্দকৃত অংশের বেশি বিদ্যুৎ নিয়ে নেওয়ার ফলে এই বিপর্যয় ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় গ্রিডে ত্রুটি ধরা পড়ে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার গতকাল স্থানীয় সময় বেলা দুইটা ২০ মিনিটে বলেন, তিনি আশা করছেন আগামী ৯০ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে।গত সোমবারের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পুরো উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। পরে ওই দিন সন্ধ্যার ভেতরেই প্রকৌশলীরা বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। তবে গতকাল স্থানীয় সময় বেলা একটার কিছুটা পরপরই আবার বিপর্যয় শুরু হয়। উত্তরাঞ্চলীয় গ্রিডে সর্বপ্রথম বিপর্যয় ঘটে। এর পরপরই সমস্যায় পড়ে পূর্বাঞ্চলীয় গ্রিড। এর প্রায় ৪০ মিনিট পরে উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রিডেও বিদ্যুৎ বিপর্যয় ঘটে। স্থানীয় সময় গতকাল বেলা আড়াইটা নাগাদ ৬০ কোটি ভারতীয় নাগরিক অর্থাৎ, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি একসঙ্গে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গতকাল প্রভাবিত রাজ্যগুলো হচ্ছে: হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, বিহার, ওডিশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, নয়াদিল্লি ও উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য।নয়াদিল্লিতে বিদ্যুতের দৈনিক চাহিদা চার হাজার মেগাওয়াট। অথচ গতকাল বেলা দেড়টার সময় সরবরাহ মাত্র ৪০ মেগাওয়াটে নেমে আসে, যা এ-যাবৎকালের সর্বনিম্ন। দিল্লিতে ছয়টি পথে মেট্রোরেল সার্ভিস বন্ধ হয়ে যায়। অবশ্য কলকাতা মেট্রো স্বাভাবিকভাবে চলাচল করেছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, ৩৫০টির বেশি ট্রেন এই বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে। নয়াদিল্লির ভিভিআইপি এলাকাগুলোর জন্য ১০০ মেগাওয়াট জরুরি বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ছিল হাসপাতাল, ট্রাফিক সিগন্যাল ও মেট্রো সার্ভিস। এর পরও বেশ কিছু ট্রেনযাত্রী ট্রেনের মধ্যে অনেকক্ষণ ধরে আটকা পড়ে থাকে।আটকা পড়েছেন কয়েক শ খনিশ্রমিক: এদিকে ভয়াবহ ওই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গতকাল ভারতের পূর্বাঞ্চলীয় বুরদান এলাকায় কয়লাখনির কয়েক শ শ্রমিক আটকা পড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা ওই খনিশ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে সব ধরনের প্রচেষ্টা চলছে।’ বুরদান এলাকাটি কলকাতা থেকে ১১০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। ভারতের শহরগুলোতে বিদ্যুৎ-ঘাটতির বিষয়টি অস্বাভাবিক নয়। মান্ধাতা আমলের গ্রিড এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় লোডশেডিং সেখানে অনেকটা স্বাভাবিক ব্যাপার। অবশ্য, বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে অতীতে অনেকবার বিক্ষোভও হয়েছে। তবে পুরো গ্রিডে বিপর্যয়ের ঘটনা সচরাচর ঘটে না। সর্বশেষ ২০০১ সালে দেশটির উত্তরাঞ্চলীয় গ্রিডে এ রকম বিপর্যয় দেখা দিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতির আকার বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। তবে দেশটির বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামো এই বাড়তি চাহিদা পূরণে সক্ষম নয়। খবর বিবিসি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।পশ্চিমবঙ্গের সব সরকারি দপ্তরে ছুটি: কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অমর সাহা জানান, বিদ্যুৎ বিপর্যয়ের ফলে গতকাল কলকাতার মেট্রোরেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। রাজ্যের বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে ৫০০টি ট্রেন। এদিকে কলকাতা থেকে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার সব ট্রেন চলাচল। কলকাতার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি জানায়, গতকাল কলকাতায় বিদ্যুৎ-ঘাটতি ছিল ৫০০ মেগাওয়াট। বিপর্যয়ের কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার পশ্চিমবঙ্গের সব সরকারি অফিস ছুটি ঘোষণা করেছেন।