ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প শুরু হতে যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক প্রতিবাদ ও বিক্ষোভ চলার পর ভারত আন্তনদী সংযোগ প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার এ প্রকল্পের অনুমোদন দেওয়ার কথা ছিল। মধ্যপ্রদেশের কেন ও বেতওয়া নদীর সংযোগের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শুরু হবে।
আন্তনদী সংযোগের ৩০টি প্রকল্প অনুমোদনের বিষয়ে সবুজসংকেত দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। কেন ও বেতওয়ার নদীর সংযোগ এসব প্রকল্পেরই অন্তর্ভুক্ত। এ প্রকল্প শুরুর লক্ষ্যে ইতিমধ্যে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় এক সমঝোতা স্মারকে সই করেছে।
উচ্চ আদালত ২০১২ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকারকে সময়সীমাভিত্তিক আন্তনদী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয় তখন।
পানিসম্পদমন্ত্রী হরিষ রাওয়াত ও সরকারের দাবি, প্রস্তাবিত ৩০টি প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় সাড়ে তিন কোটি হেক্টর জমি আবাদের জন্য সেচের পানি সরবরাহ সম্ভব হবে। এ ছাড়া ৩৪ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন ও বিভিন্ন রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ১৯৮২ সালে প্রথম এ প্রকল্প হাতে নেয়। কিন্তু পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে পরিবেশবাদীদের বিরোধিতার কারণে তা মুখ থুবড়ে পড়ে।
সুপ্রিম কোর্টের নির্দেশনা পাওয়ার পর পানিসম্পদমন্ত্রী রাওয়াত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় সব শর্ত পূরণ করায় কেন-বেতওয়া প্রকল্প মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। অনুমোদন পেলে চলতি বছরের শুরুতেই প্রকল্পের উদ্বোধন করা হবে। পরে একে একে অন্য প্রকল্পগুলোর অনুমোদনের চেষ্টা করা হবে। টাইমস অব ইন্ডিয়া।