ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারে ভূমিকম্প
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম, নাগাল্যান্ড ও মনিপুর, মিয়ানমার এবং বাংলাদেশে গতকাল সোমবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক ৯।সকাল ৮টা ৪৭ মিনিটে অনুভূত ওই ভূমিকম্পে কারও মৃত্যু এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগের ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মনিপুরের রাজধানী ইমফল থেকে ১৩০ কিলোমিটার পূর্বে মিয়ানমারে। মৃদু ভূমিকম্প অনুভূত হয় পশ্চিমবঙ্গের কলকাতা ও রাজ্যের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায়। ভূমিকম্পবিদদের কাছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মনিপুর রাজ্য বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে বিবেচিত। এ অঞ্চলে ১৮৯৭ সালে রিখটার স্কেলে ৮ দশমিক ৭ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প হয় । এতে তখন এক হাজার ৬০০-এর মানুষের মৃত্যু হয়। গত সেপ্টেম্বরে এ অঞ্চলে ছয় দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।