ভারতের উত্তর প্রদেশে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। এলাকায় এক সপ্তাহের জন্য কারফিউ জারি করা হয়েছে। গতকাল রোববার পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ জানিয়েছে, মুজাফফরনগরে সম্প্রতি এক যুবক নিহত হওয়ার ঘটনায় ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে সেখানকার কাওয়াল গ্রামে গত ২৭ আগস্ট খুন হন তিন ব্যক্তি। এর পর থেকে স্থানীয় হিন্দু ও মুসলিমদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওই ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদনের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে শনিবার কাওয়াল গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে একটি গ্রামে পঞ্চায়েতের সভা হয়। সভা শেষে ফেরার সময় কাওয়ালে হামলার শিকার হয় একটি সম্প্রদায়ের লোকজন। এরপর সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। এতে শনিবার একজন টিভি সাংবাদিক ও পুলিশের আলোকচিত্রীসহ নিহত হয় অন্তত নয়জন। এনডিটিভি ও পিটিআই।