ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি শপথ নিলেন
ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন হামিদ আনসারি। উপরাষ্ট্রপতি হিসেবে এটি হামিদ আনসারির দ্বিতীয় মেয়াদ। বর্তমানে তিনি উপরাষ্ট্রপতির দায়িত্বে আছেন। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গতকাল শনিবার সকালে হামিদ আনসারিকে শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।৭ আগস্ট উপরাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী হিসেবে জয়ী হন হামিদ আনসারি। নির্বাচনে তিনি ২৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রার্থী যশোবন্ত সিংকে।আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হামিদ আনসারির জন্ম কলকাতায় ১৯৩৭ সালে। পেশাদার কূটনীতিক ও শিক্ষাবিদ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।