ভারতের এক ধাপ ওপরে পাকিস্তানের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক অস্ত্র ও উপকরণের নিরাপত্তা সূচকে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। ২৫ দেশের ওই সূচকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ পাকিস্তান ও ভারতের অবস্থান যথাক্রমে ২২ ও ২৩।
২০১৪ সালের জন্য পারমাণবিক অস্ত্রের উপাদানের নিরাপত্তার সূচকটি করেছে যুক্তরাষ্ট্রের অলাভজন প্রতিষ্ঠান নিউক্লিয়ার থ্রেট ইনডেস্ক (এনটিআই)। এ ক্ষেত্রে তাদের সহায়তা করেছে যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোকে পারমাণবিক অস্ত্রের উপাদানের নিরাপত্তা বিধানে আরও সচেতন করে তুলতেই এনটিআই সূচক করা হয়।
সম্প্রতি পাকিস্তান পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা বাড়াতে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ নয়টি দেশের মধ্যে সবচেয়ে উন্নতি করেছে। অন্য দেশগুলো প্রায় আগের অবস্থানেই আছে। সূচকের হিসাবে ২০১২ সালের চেয়ে পাকিস্তান তিন পয়েন্ট বেশি পেয়েছে।
এনটিআইয়ের সমীক্ষায় দেখা গেছে, পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে আরও কিছু পদক্ষেপ বাস্তবায়নের পথে আছে। তবে ভারতের চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও সূচকের শেষ দিকে দেশের অবস্থান নিয়ে খুশি নন পাকিস্তানের কর্মকর্তারা।
পারমাণবিক অস্ত্রে ব্যবহারযোগ্য উপাদানের নিরাপত্তা সূচকে প্রথম অবস্থানে আছে অস্ট্রেলিয়া। এর পরের স্থানগুলোতে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর অবস্থান। দ্বিতীয় থেকে দশম অবস্থানে আছে যথাক্রমে কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, নরওয়ে, পোল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলারুশ ও বেলজিয়াম। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অবস্থান যুগ্মভাবে ১১তম। রাশিয়া ১৮তম অবস্থানে আছে। নিরাপত্তা সূচকের তালিকায় সবশেষে অবস্থান করছে ইরান ও উত্তর কোরিয়া। তাদের অবস্থান যথাক্রমে ২৪ ও ২৫।
পারমাণবিক অস্ত্রের উপাদানের নিরাপত্তা সূচকে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান ও চীনের অবস্থান যথাক্রমে ১৩ ও ২০তম।
এনটিআই সূচকের বিশ্লেষকেরা জানিয়েছেন, বিশ্বের সাতটি দেশ অস্ত্রে ব্যবহারযোগ্য পারমাণবিক উপাদান সব বা অধিকাংশ ধ্বংস করেছে। দেশগুলো হলো: অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মেক্সিকো, সুইডেন, ইউক্রেন ও ভিয়েতনাম। ডন।