ভারতের কাঠের চাহিদা পূরণে নেপালে বনভূমি উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী ভারতের বাজারে কাঠের চাহিদা মেটাতে নেপালে বনভূমি উজাড় করা হচ্ছে। নেপালের বনভূমি সংরক্ষণকর্মী ও সরকারি সূত্রে জানা গেছে, মূলত চোরাইপথে নেপাল থেকে ভারতে ঢুকছে এসব কাঠ ও গাছ। ভারতের বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় নেপালেও বন উজাড়ের হার বেড়েছে। ভারতীয় পক্ষ থেকেও কাঠ পাচারের ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।নেপালের মোট আয়তনের ৪০ শতাংশ বনভূমি। কাটা গাছ পাচারের ঘটনায় সম্প্রতি নেপালের পার্লামেন্টে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে কাঠের চাহিদা পূরণের পাশাপাশি ভারতের বাজারের চাহিদা পূরণ করতে গিয়ে সে দেশে বনভূমি হ্রাস পাওয়ার হার বেড়ে গেছে। নেপাল থেকে কী পরিমাণ কাঠ ও গাছ পাচার হয়ে ভারতে যাচ্ছে, সে বিষয়ে ওই কমিটি ও সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে জানা গেছে, গত বছর নেপালে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তার পরিমাণ প্রায় এক কোটি ঘনফুট। নেপালের বন মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে, গত বছর ২৯ হাজার ঘনফুট কাটা গাছ বাজেয়াপ্ত করা হয়েছে। এর বেশির ভাগই বাজেয়াপ্ত করা হয়েছে ভারতীয় সীমান্তঘেঁষা নেপালের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে। পার্লামেন্টের কমিটির সমন্বয়ক রাম কুমার শর্মা বলেন, ‘তদন্তে আমরা দেখেছি, সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলা থেকে ভারতে কাটা গাছ পাচার করা হচ্ছে। আমাদের হিসাবে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের এই দুর্নীতির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।’ভারতীয় বন ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সে দেশে বছরে ছয় কোটি ৪০ লাখ ঘনমিটার কাটা গাছ ও ২০ কোটি ১০ লাখ টন কাঠ ব্যবহার করা হয়। ভারতের উত্তর প্রদেশের প্রধান বন সংরক্ষক সুমন বলেন, ‘ভারতে গাছ কাটা ও বিক্রিতে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞায় কড়াকড়ি থাকায় এখানকার বাজারে কাঠ বিক্রি করে ভালো দাম পাওয়া যায়। নেপাল থেকে ভারতে কাঠ আসার অন্যতম কারণ এটি।’নেপালের বন মন্ত্রণালয়ের সাবেক সচিব উদয় শর্মা বলেন, ‘ভারতের বনভূমি বেড়ে চলেছে, এটা ভালো। কিন্তু নেপালে একই সময়ে বন উজাড় করা হচ্ছে।’ বিবিসি।