ভারতের কেন্দ্রীয় মন্ত্রী দেশমুখ আর নেই
ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ (৬৭) আর নেই। তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।যকৃতের ক্যানসারে আক্রান্ত দেশমুখকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাই থেকে এয়ার-অ্যাম্বুলেন্সযোগে ৬ আগস্ট চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে জরুরিভিত্তিতে তাঁর যকৃৎ প্রতিস্থাপনের কথা ছিল। কিন্তু ৩১ বছর বয়সী একজন যকৃৎ-দাতার মৃত্যুর কারণে তা আর সম্ভব হয়নি।কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন বিলাসরাও দেশমুখ। এর আগে তিনি দুই মেয়াদে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। রাজ্যসভায় তিনি কংগ্রেস দলের সাংসদ ছিলেন। ‘বিশ্বস্ত সহকর্মীর’ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দ্য হিন্দু, এনডিটিভি, আইএএনএস।