ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবর্তন চান ভোটাররা
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের পরিবর্তন চান ভোটাররা। ৬২ দশমিক ১ শতাংশ ভোটার এই পরিবর্তনের পক্ষে। আজ শুক্রবার প্রকাশিত জি-নিউজ-তালিমের এক যৌথ সমীক্ষায় এই চিত্র তুলে ধরা হয়েছে।
ভারতের ৫৬টি লোকসভা কেন্দ্রের ১৩ হাজার ৪২৮ জন ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। আজ এ সমীক্ষার প্রথম কিস্তি প্রকাশ করা হয়।
সমীক্ষায় বলা হয়, ভারতের ৬২ দশমিক ১ শতাংশ ভোটার বর্তমান কেন্দ্রীয় সরকারের পরিবর্তন চান। আর ১৫ দশমিক ৪ শতাংশ ভোটার এই পরিবর্তন চান না। এবারের ভোটাররা কোন ভিত্তিতে প্রার্থীদের ভোট দেবেন—এ প্রশ্নের জবাবে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোটার বলেছেন, প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে। আর রাজনৈতিক দলের ভিত্তিতে ভোট দেবেন ২২ দশমিক ৭ শতাংশ ভোটার। জাতি-ধর্মের ভিত্তিতে ভোট দেবেন ২ দশমিক ৩ শতাংশ ভোটার।
নির্বাচনে এবার কোন ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে—এ ব্যাপারে জরিপের ফলাফলে দেখা গেছে, ৩৮ দশমিক ৯ শতাংশ ভোটার মূল্যবৃদ্ধিকে ইস্যু করেছেন, ১৪ দশমিক ৩ শতাংশ দুর্নীতিকে, ১২ দশমিক ৮ শতাংশ কর্মসংস্থানকে, ১১ দশমিক ৮ শতাংশ উন্নয়নকে এবং মাত্র ১ শতাংশ ভোটার সাম্প্রদায়িকতাকে ইস্যু করেছেন।
এ ছাড়া গত পাঁচ বছরে অর্থনীতির অবস্থা কেমন হয়েছে—এ-সংক্রান্ত প্রশ্নে সমীক্ষায় দেখা গেছে, ৪২ দশমিক ৬ শতাংশ ভোটারের অভিমত হলো খারাপ হয়েছে। আর ১৯ দশমিক ৬ শতাংশ ভোটার ভালো হয়েছে এবং একই অবস্থায় আছে বলে মত দিয়েছেন ২৩ দশমিক ৩ শতাংশ ভোটার।