ভারতের ক্ষেপণাস্ত্র অগ্নি-২-এর সফল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল বৃহস্পতিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-২-এর সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের উপকূলীয় হুইলার দ্বীপ থেকে সামরিক বাহিনী পরীক্ষামূলকভাবে এটি উৎক্ষেপণ করে।প্রতিরক্ষা সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।মাঝারিপাল্ল্লার অগ্নি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) ইতিমধ্যে সামরিক বাহিনীতে চালু রয়েছে। ২০ মিটার দীর্ঘ অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের দুটি অংশ রয়েছে। উৎক্ষেপণকালে এর ওজন ছিল ১৭ মেট্রিক টন। এটি এক হাজার কেজি ওজনের অস্ত্র বহনে এবং দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এএফপি।