ভারতের গ্রামোন্নয়নমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গোপীনাথ মুণ্ডে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে দিল্লিতে এ দুর্ঘটনা ঘটে।
মুণ্ডের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দিল্লির মোতিবাগ এলাকায় স্থানীয় সময় ছয়টা ২০ মিনিটে দুর্ঘটনার শিকার হন মন্ত্রী। মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল তাঁর।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার পর মুণ্ডেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়। স্থানীয় সময় সকাল সাতটা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।
মুণ্ডের শরীরে বড় ধরনের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রচণ্ডতায় তিনি কাবু হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, হূদরোগে আক্রান্ত হয়ে মুণ্ডে মারা গেছেন।
ভারতে সদ্য গঠিত নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গ্রামোন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বিজেপির প্রয়াত এই নেতা।