মিয়ানমারে অস্ত্র পাওয়া প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা চেয়েছে সুইডেন। দেশটির বাণিজ্যমন্ত্রী এওয়া জর্লিং গত বৃহস্পতিবার বলেন, তাঁরা মিয়ানমারে অস্ত্র ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তার পরও দেশটির বিদ্রোহী যোদ্ধাদের কাছে সুইডিশ অস্ত্র পাওয়া যাচ্ছে। এতে ভারতের হাত রয়েছে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মিয়ানমারে অস্ত্র ব্যবসা গুটিয়ে নেয় সুইডেন। ওই অস্ত্র পরে ভারতের কাছে বিক্রি করা হয়। সুইডেনের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগ জানায়, মিয়ানমারে এখনো সুইডিশ অস্ত্র থাকার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।জর্লিং আরও বলেন, মিয়ানমারে অস্ত্র সরবরাহে ভারতের যোগসাজশের বিষয়ে অস্ত্রবিস্তার নিয়ন্ত্রণকারী সুইডিশ সংস্থার (আইএসপি) কাছে তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে ভারতের ব্যাখ্যা জানতে আইএসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের কাছে সুইডিশ অস্ত্র যাওয়ার বিষয়টি ‘অস্বাভাবিক’ বলে আইএসপি জানিয়েছে।সাংবাদিকদের তোলা ছবিতে দেখা যায়, মিয়ানমারের কাচিন রাজ্যের স্বাধীনতাকামী যোদ্ধাদের পরিত্যক্ত অস্ত্রশস্ত্রে সুইডিশ নির্মাতা প্রতিষ্ঠানের নাম স্পষ্ট। কিন্তু সুইডেন ইইউর নিষেধাজ্ঞা মেনে ১৯৯৬ সাল থেকেই মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে।বিভিন্ন সূত্রের দাবি, ভারত থেকে মিয়ানমারে অবৈধ অস্ত্রের চালান যায়। দেশটির কাছ থেকে কূটনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভারত এসব কর্মকাণ্ডের সুযোগ দেয়। টাইমস অব ইন্ডিয়া।