ভারতের দুই সাংবাদিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদে অবস্থানকারী ভারতের দুই সাংবাদিককে এক সপ্তাহের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে৷ সাংবাদিক দুজন হলেন দ্য হিন্দু পত্রিকার মীনা মেনন ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) স্নেহেশ অ্যালেক্স ফিলিপ৷ গতকাল বুধবার তাঁরা বলেন, তাঁদের ভিসা নবায়ন করা হবে না বলে মঙ্গলবার রাতে তাঁদের জানানো হয়েছে৷ তবে তাঁদের কোনো কারণ জানায়নি পাকিস্তান সরকার৷
মীনা মেনন ও স্নেহেশ অ্যালেক্স ফিলিপ ২০১৩ সালের আগস্টে তিন মাসের ভিসা নিয়ে পাকিস্তানে যান৷ প্রতি তিন মাস পর পর তাঁদের ভিসা নবায়ন করা হচ্ছিল৷ কিন্তু সর্বশেষ দফায় তাঁদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হলো৷ তাঁদের ভিসার মেয়াদ ছিল গত ৯ মার্চ পর্যন্ত৷ এর আগেই ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তাঁরা৷ সেই আবেদনের পিরপ্রেক্ষিতে দুজনের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে তাঁদের জানানোও হয়েছিল৷ কিন্তু ভিসার মেয়াদ না বাড়িয়ে বরং তাঁদের পাকিস্তান ছাড়ার জন্য সময় বেঁধে দেওয়া হলো৷
সাংবাদিকদের জন্য পাকিস্তান দিনে দিনে বিপজ্জনক দেশে পরিণত হচ্ছে৷ অন্যান্য দেশের সাংবাদিকদের তুলনায় ভারতের সাংবাদিকদের জন্য সেখানে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের কথা বারবার বলে এলেও দেশটির সেনাবাহিনী এই দুই সাংবাদিকের ব্যাপারে অনেক বেশি সন্দিহান হয়ে পড়েছে৷ টাইমস অব ইন্ডিয়া৷