ভারতের দুর্নীতিবিরোধী কার্টুনিস্ট জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী কার্টুনিস্ট অসীম ত্রিবেদি গ্রেপ্তারের চার দিন পর গতকাল বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। তাঁকে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শনিবার মুম্বাই শহর থেকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই হাইকোর্ট মঙ্গলবার পাঁচ হাজার রুপির মুচলেকা নিয়ে অসীমকে জামিন দেন। পরে গতকাল তিনি মুম্বাই কারাগার থেকে মুক্তি পান। এর আগে সোমবার অসীমকে আদালতে হাজির করা হয়। ওই সময় আদালত তাঁকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন। অসীম ত্রিবেদির বিরুদ্ধে অভিযোগ, তিনি কার্টুনের মাধ্যমে সংবিধানসহ জাতীয় পতাকা অবমাননা করছেন। এ ছাড়া তিনি আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আসছেন।কারাগারের বাইরে উপস্থিত সাংবাদিকদের অসীম বলেন, ‘আমি মুক্ত। আমার লড়াই চলবে। যেখানেই বৈধ অধিকারে বাধা আসবে, সেখানেই আমাদের লড়াই চলবে।’ এএফপি, বিবিসি।