ভারতজুড়ে ৩৫টি নতুন সীমান্তচৌকি স্থাপনের পরিকল্পনাকে ‘উসকানিমূলক’ উল্লেখ করেছেন চীনের বিশ্লেষক লিউ জংগি। দেশটির প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) ওই বিশেষজ্ঞ একটি নিবন্ধে এ মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমস গতকাল সোমবার নিবন্ধটি প্রকাশ করে।
লিউ জংগি লিখেছেন, ভারতের এ ধরনের উদ্যোগে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। সীমান্তে নতুন করে চৌকি স্থাপনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিশেষ নীতির কারণেই ১৯৬২ ভারত-চীন যুদ্ধ শুরু হয়েছিল। নতুন চৌকি স্থাপনের ফলে ভারত হয়তো ম্যাকমোহন লাইনের উত্তরে চীন-ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে পারে।
ভারতের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বাহিনীর বিদায়ী মহাপরিচালক অজয় চাঢা গত মাসে বলেন, চীন-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৩৫টি নতুন চৌকি স্থাপন করা হবে।
বর্তমানে চীন-ভারত সীমান্তে ১৫০টি চৌকিতে আধা-সামরিক বাহিনীর তিন হাজার ৪৮৮ নিরাপত্তারক্ষী রয়েছে। পিটিআই।