ভারতের নতুন বাহিনী গড়ে তোলার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের মোকাবিলায় ৮০ হাজার সেনার এক সম্পূর্ণ নতুন বাহিনী গড়ে তোলার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর হাতে এই কাজ শুরু করার অনুমতিপত্র তুলে দিয়েছে। নতুন এই বাহিনীর সম্ভাব্য নাম ১৭ কোর, সম্ভাব্য সদর দপ্তর পশ্চিমবঙ্গের পানাগড়।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে সাবেক সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘দেরিতে হলেও এই উদ্যোগকে স্বাগত জানাই।’
ভারত-চীন সীমান্তে মোতায়েন করার জন্য পরিকল্পনাধীন এই ‘মাউন্টেন স্ট্রাইক কোর’-এর (এমএসসি) চরিত্র হবে সম্পূর্ণভাবে আক্রমণাত্মক। আগামী সাত বছরের মধ্যে এই বাহিনী গঠনের কাজ শেষ হবে। প্রাথমিক খরচ ধরা হয়েছে ৯০ হাজার কোটি রুপি। কার্গিল যুদ্ধের পর লাদাখের সুরক্ষার জন্য যে বাহিনী (১৪ কোর) গঠন করা হয়, সেনাদের বিভিন্ন কোর থেকে সেই বাহিনীতে নেওয়া হয়েছিল। সেই নিরিখে গত ২০ বছরে নতুন বাহিনী গঠন এটাই প্রথম। প্রকৃত নিয়ন্ত্রণরেখা ছাড়াও দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চীন সীমান্ত বরাবর মোতায়েন করা হবে এই বাহিনীকে। একে এমনভাবে গড়া হবে, যাতে তারা তিব্বতে নিযুক্ত চীনা ফৌজকে প্রয়োজনে আক্রমণ করতে পারে। লাদাখে মোতায়েন এমএসসির চরিত্র মূলত রক্ষণাত্মক।
প্রকৃত নিয়ন্ত্রণরেখা ছাড়াও উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চীনের সামরিক উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ২০০৭ সাল থেকে ভারতের প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। সীমান্তে পরিকাঠামো ও নতুন বাহিনী গঠনের প্রয়োজনীয়তার উপলব্ধি তখন থেকেই। গত এক বছরে লাদাখ ও অরুণাচল প্রদেশে বারবার চীনা অনুপ্রবেশ সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ত্বরান্বিত করেছে।
গত জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি নতুন এই বাহিনী গড়ার প্রস্তাবে সায় দেয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মঞ্জুরিও আসে। এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র হলো কাজে নামার আনুষ্ঠানিক ছাড়পত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে এত বিপুল লগ্নি এই প্রথম।
বাহিনীতে পর্যায়ক্রমে ৮০ হাজার সেনা নেওয়ার পাশাপাশি দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে পরিত্যক্ত ও অল্প ব্যবহূত ‘এয়ার স্ট্রিপ’ ও হেলিপ্যাডগুলোর আধুনিকীকরণ করা হবে। পরিকাঠামোয় বিশেষ জোর দেওয়া হবে। সীমান্ত বরাবর রাস্তা ও এয়ার স্ট্রিপ তৈরি হবে। এককথায়, শুরু হবে এক বিপুল কর্মকাণ্ড।
আনন্দিত সাবেক সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চীন সীমান্তে ভারতের সেনাদের উপস্থিতি বরাবর কম। আমি বারবার এই বিষয়টি সরকারের নজরে এনেছি। উদ্বেগের কথা জানিয়েছি। কিন্তু অর্থাভাবের দরুন সরকার কিছুই করতে পারেনি। সেই সুযোগে চীন তাদের ক্ষমতা বাড়িয়ে নিয়েছে। এখন সরকার বুঝেছে বিপদ কতটা। সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। তাই দেরিতে হলেও এ সিদ্ধান্ত নেওয়াকে স্বাগত জানাচ্ছি।’