ভারতের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এক চিঠিতে এ কথা লিখে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। ভারতীয় সেনাপ্রধানের ফাঁস হওয়ার চিঠির বরাত দিয়ে গতকাল বুধবার টাইমস নাও-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ১২ মার্চ মনমোহন সিংকে লেখা চিঠিতে সেনাপ্রধান উল্লেখ করেন, সেনাবাহিনীর ট্যাংকগুলোর গোলাবারুদ ফুরিয়ে গেছে। স্বল্প সময়ের মধ্যে এই ঘাটতি পূরণ ও সেনাবাহিনীকে লড়াই করার মতো পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ভি কে সিং জানান, আকাশপথে প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহূত ৯৭ শতাংশ অস্ত্র পুরোনো হয়ে গেছে। সেগুলো এখন সেকেলে। একই সঙ্গে তিনি বলেন, অভিজাত বিশেষ বাহিনীগুলোতে এখন অস্ত্রের সংকট প্রকট।ভি কে সিংয়ের বোমা ফাটানোর মতো খবরের জন্ম দেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে তিনি সেনাবাহিনীর জন্য নিম্নমানের গাড়ি কেনার সুযোগ করে দিতে ১৪ কোটি রুপি ঘুষের প্রস্তাব পাওয়ার কথা দাবি করে আলোচনায় আসেন। এর জের শেষ হতে না হতেই নতুন করে আলোড়ন তুলল সেনাপ্রধানের এই চিঠি ফাঁস হওয়ার ঘটনা। ঘুষের প্রস্তাবের ঘটনায় চলমান তদন্তে কাল ৩০ মার্চ তাঁর জবানবন্দি নিতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীগুলোর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান চতুর্থ। তাদের সেনাবাহিনীতে ১১ লাখ ৩০ হাজার সদস্য রয়েছেন। সীমান্তসংলগ্ন দেশগুলোর মধ্যে সমপ্রতি চীনের সামরিক শক্তি বৃদ্ধির ঘটনায় তারা উদ্বিগ্ন। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে তাদের। ১৯৬২ সালে এ নিয়ে স্বল্পকালীন যুদ্ধও হয়েছে। এদিকে পশ্চিমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তো রয়েছেই।এই পরিস্থিতিতে সমরাস্ত্রে সেনাবাহিনীকে সমৃদ্ধ করার বিষয়টি খুব গুরুত্ব বলে মনে করছেন ভারতের সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে তিনি অস্ত্রের দিক দিয়ে সেনাবাহিনীর এই অন্তঃসারশূন্য হওয়ার পেছনে আমলাতান্ত্রিক জটিলতা ও জরুরি পদক্ষেপের অভাবকে দায়ী করেছেন।এই চিঠি ফাঁস হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি। তিনি পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, যেখানে এসব চিঠি গোপন স্থানে সংরক্ষণ করার কথা, সেখানে তা চলে যাচ্ছে সংবাদমাধ্যমে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।