ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় জনগণ আস্থাশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস ওয়াই কোরাইশি বলেছেন, ভারতের নির্বাচন-প্রক্রিয়ায় দেশটির জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যমের আস্থা রয়েছে। তাই নির্বাচনের মানদণ্ড দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রয়োজন হয় না।
তিনি গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভারতের আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একটি উন্মুক্ত কর্মশালায় এ মন্তব্য করেন। ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র (আইজিসিসি) বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও ব্রতীর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ব্রতীর সাধারণ সম্পাদক শারমিন মুরশিদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকায় নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।
এস ওয়াই কোরাইশি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি কর্মশালায় ব্যাখ্যা করেন। বিশেষ করে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে সুচারুভাবে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন সাফল্য পেয়েছে, সেটি তিনি তুলে ধরেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারতের নির্বাচন-প্রক্রিয়া প্রশংসিত হলেও এতে আরও উন্নতির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে তিনি ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি সমস্যা সম্পর্কেও কথা বলেন।
ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের ভূমিকার উল্লেখ করেন কোরাইশি।