ভারতের পর এবার পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান গতকাল বুধবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। চির প্রতিপক্ষ বলে পরিচিত ভারত একটি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাকিস্তান এই পরীক্ষা চালাল। পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান আজ (বুধবার) হাতফ-৪ (শাহিন-১এ) নামে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।’ এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনায় পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক লে. জেনারেল খালিদ আহমেদ কিদওয়ানি সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। ক্ষেপণাস্ত্রটি কত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম—এ ব্যাপারে অবশ্য জানানো হয়নি। তবে পাকিস্তানের প্রতিরক্ষাবিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল তালাত মাসুদ জানান, মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দুই হাজার ৫০০ থেকে তিন হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারে। এতে তারা প্রয়োজনে চির প্রতিপক্ষ বলে পরিচিত ভারতের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম হবে। অবশ্য সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ফলে সহসা সে আশঙ্কা নেই।ভারত ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র শক্তির বেলায় পাকিস্তানের চেয়ে ভারত এখনো বেশ এগিয়ে। গত বৃহস্পতিবার ভারত অগ্নি-৫ নামের দূরপাল্লার নতুন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এটি এক টন পারমাণবিক ‘যুদ্ধাস্ত্র’ নিয়ে চীনের ভেতর যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। এর পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। এর মধ্যে দেশ দুটির মধ্যে তিনবার যুদ্ধও হয়েছে। ১৯৯৮ সালের পর থেকে দুই দেশ একের পর এক বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর আগে গত মাসে পাকিস্তান স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র আবদালির সফল পরীক্ষা চালায়। ২০০৮ সালে তারা শাহিন-২ নামের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।গতকাল সাগরে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। এটি আসলে শাহিন-১ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। সেনা সূত্র জানায়, নতুন ক্ষেপণাস্ত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দূরত্ব বাড়ানো হয়েছে। এটি প্রচলিত পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। তালাত মাসুদ বলেন, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ-ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই কর্মসূচিতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি রয়েছে। পাকিস্তান এ পর্যন্ত যত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এর মধ্যে এটাই হয়তো সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এএফপি।